‘ভুয়া’ স্লোগানে বিদ্ধ আসিফ নজরুল, উত্তাল উত্তরার শিক্ষার্থীরা।
উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বর। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন— ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’। শিক্ষার্থীরা কলেজের ভেতর থেকে বের হওয়া সরকারি কর্মকর্তাদের গাড়ি ঘিরে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কলেজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সকাল ১১টার দিকে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন ঘুরে দেখেন তিনি। সেখান থেকে ফেরার পথে শিক্ষার্থীরা তার পেছনে ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে তিনি কলেজের অন্য ভবনের দিকে চলে যান।
আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবিতে বলেন—
১. নিহতদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা প্রকাশ
২. আহতদের নিখুঁত তালিকা প্রদান
৩. দুর্ঘটনার সময় অসদাচরণকারীদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
৪. প্রত্যেক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ
৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল
৬. সামরিক প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল চত্বরে বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের চালানো বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
সরকারিভাবে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ২৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন আরও শতাধিক।

মতামত দিন