উত্তরায় বিমান দুর্ঘটনার জেরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত।
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন করে পরীক্ষার সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে। তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একই কারণে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের মাঠে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এই দুর্ঘটনায় পাইলটসহ কমপক্ষে ২৭ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।
বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যেই সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট, ফায়ার সার্ভিস ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে।
মতামত দিন