জাতীয়
ছবি: সংগৃহীত

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শেষ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শেষ পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করে ফায়ার সার্ভিস।

বিকেল পর্যন্ত ঘটনাস্থলে থেমে থেমে চলছিল উদ্ধার কার্যক্রম। প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ব্যাপক বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অনেকে ভবনের কক্ষে আটকা পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার করে পাঠান ঢাকার বিভিন্ন হাসপাতালে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সিএমএইচ-এ।

পরে ধাপে ধাপে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয় ক্রেনের সাহায্যে। ঘটনাস্থলের আশপাশে তখনও অসংখ্য অভিভাবক, সাংবাদিক ও উৎসুক জনতার ভিড়।

সর্বশেষ সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ হলেও নিহত-আহতদের বিস্তারিত পরিচয় ও ঘটনার কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। বিমানবাহিনী জানিয়েছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরের দিকে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে মাইলস্টোন  স্কুলের ভবনের ওপর।  ভয়াবহ এ দুর্ঘটনা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়।

মতামত দিন