উত্তরায় বিমান দুর্ঘটনা: আহতদের জন্য মেট্রোরেলের একটি বগি বরাদ্দ।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর আহতদের দ্রুত স্থানান্তরের জন্য মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের যুগ্ম সচিব আরিফুর রহমান জানান, আহতদের পরিবহনের জন্য নারী বগির পরের বগিটি বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া, মেট্রোরেলের পরিবহন পুলের গাড়িগুলো দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় প্রস্তুত রাখা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত উদ্ধার ও স্থানান্তরের কাজ সম্পন্ন করা যায়।
এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়।
ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহত ও আহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।
সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

মতামত দিন