জাতীয়
ছবি: সংগৃহীত

বার্ন ইনস্টিটিউটে নেগেটিভ গ্রুপের রক্তের ডোনার চায় কর্তৃপক্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ও আহত শতাধিক মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর দগ্ধদের একটি বড় অংশকে চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন ৭১ জন। তাদের অধিকাংশই শিশু ও শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জন্য রক্তের প্রয়োজন দেখা দিয়েছে। ইনস্টিটিউট সূত্রে জানানো হয়, পজিটিভ (+) গ্রুপের রক্ত পর্যাপ্ত থাকলেও নেগেটিভ (-) গ্রুপের রক্ত সংকট দেখা দিয়েছে। আগ্রহী রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বর্তমানে ইনস্টিটিউটে ৬০ জন ভর্তি রয়েছেন। আরও ১০-১৫ জনকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা থাকলেও এর বেশি রোগী এলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানটি সোমবার বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জনের বেশি দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছেন। আশপাশের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও আহতদের ভর্তি করা হয়েছে। এসব হাসপাতালে রক্তের চাহিদা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে হাসপাতালগুলোতে অযথা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যেন জরুরি সেবায় কোনো বাধা না পড়ে। একই সঙ্গে রাস্তা খালি রাখতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে: ০১৯৪৯০৪৩৬৯৭

এই ঘটনায় আন্তর্বর্তী সরকার মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। নিহতদের স্মরণে দেশের সব  সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মতামত দিন