জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ১৯, আহত শতাধিক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজ চত্বরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯-এ পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক ব্যক্তি, যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে পুরো ভবনে। তখন স্কুলের জুনিয়র সেকশনে শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পরপরই বিকট বিস্ফোরণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়ায় আচ্ছন্ন ভবন থেকে অনেককে আহত ও অচেতন অবস্থায় বের করে আনা হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন—

  • বার্ন ইনস্টিটিউটে ২ জন

  • সিএমএইচে ১১ জন

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন

  • লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২ জন

  • উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন

হাসপাতাল সূত্র এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে দেড় শতাধিক মানুষ ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যাদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় জুনিয়র ভবনে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ শিক্ষার্থী ক্লাসে ছিল। ছুটির ঠিক আগমুহূর্তে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

এদিকে, এই শোকাবহ ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।
এইদিন—

  • সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

  • বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হবে

  • মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে আহত ও নিহতদের জন্য

সরকার জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

মতামত দিন