উত্তরায় বিমান বিধ্বস্তে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শোক।
দুর্ঘটনাটি ঘটে দুপুর দেড়টার দিকে। বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে। এতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণে অংশ নেয়।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই তা প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় স্কুল ক্যাম্পাসে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, “এই দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতি হিসেবে আমাদের জন্য এটি একটি শোকাবহ মুহূর্ত।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার কারণ নিরূপণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
ড. ইউনূস আরও জানান, সরকার দুর্ঘটনার তদন্ত করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
মতামত দিন