জাতীয়
ছবি: সংগৃহীত

বিমান বিধ্বস্তের সময় মাইলস্টোনে তখন ক্লাস চলছিল।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে। ঘটনার সময় বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিষ্ঠানটির পাশে মাঠের দিকে পড়ে। এতে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসে এবং বিকট শব্দে ভেঙে পড়ে। মুহূর্তেই শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেক শিশু ভয়ে কান্নায়  ভেঙে পড়ে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ঘটনার সময় আমাদের স্কুল শাখায় নিয়মিত ক্লাস চলছিল। দুর্ঘটনার শব্দে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়ে। শিক্ষকরা তাদের নিরাপদে সরিয়ে নিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

তিনি আরও বলেন, আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো আমাদের কাছে নেই।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

মতামত দিন