দগ্ধ শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে রক্ত দিন, বার্ন ইনস্টিটিউটের আহ্বান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের এই প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তরায় বিধ্বস্ত হয়।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে। আহতদের সেবায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দগ্ধদের চিকিৎসায় বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালের আশপাশে অবস্থান করা রক্তদাতাদের দ্রুত এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সহানুভূতির ঢল নামে। বহু ব্যক্তি ফেসবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শেখ মইনুল খোকন নামে একজন জানান, দগ্ধদের কারও আইসিইউ প্রয়োজন হলে হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে সম্পূর্ণ বিনা খরচে আইসিইউ সেবা দেওয়া হবে।
এই ঘটনায় শোক জানিয়ে অনেকে দোয়া করছেন আহতদের সুস্থতার জন্য।


মতামত দিন