জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, বার্ন ইনস্টিটিউটে আহতরা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভেতরে হুড়োহুড়ি পড়ে যায় কলেজ চত্বরে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর দল সেখানে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে তাদের অন্তত ৮টি ইউনিট কাজ করছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও গুরুতর হতাহতের আশঙ্কা রয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে জেনেছি। এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।”

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর ১টা ১৮ মিনিটে দুর্ঘটনার শিকার হয়।

মতামত দিন