উত্তরা দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্ত, সর্বশেষ পরিস্থিতি।
ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর দেড়টার দিকে। এ সময় কলেজ চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “মাইলস্টোন কলেজ এলাকার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, দূর থেকে আকাশে ঘন ধোঁয়া উঠছে এবং সেনাবাহিনীর গাড়িতে আহত শিক্ষার্থীদের তড়িঘড়ি করে তোলা হচ্ছে। অনেক অভিভাবক ছুটে এসে সন্তানদের খোঁজ নিতে উদ্বিগ্ন হয়ে পড়েন।
সেখানে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জটলা তৈরি হয় এবং উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে কাজ করছে।
ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন