জাতীয়
ছবি: সংগৃহীত

ফেনীর মুহুরী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় প্লাবিত নিম্নাঞ্চল।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত থেকে নেমে আসা ঢল ও কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল থেকে নদীর পানি বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে।

পানি প্রবেশের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বাঁধ মেরামতের কাজে ব্যবহৃত খননযন্ত্র ও অন্যান্য উপকরণ স্রোতে ভেসে গেছে। এ অবস্থায় আগের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ আপাতত বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, গত শনিবার (১৯ জুলাই) বাঁধ সংস্কারের কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ডের অধীনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সোমবার সকাল থেকেই মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে পরিস্থিতি আবারও অবনতির দিকে যায়।

পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা জানান, সকাল ১১টার দিকে মুহুরী নদীর পানি ১২.১১ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। ক্রমেই তা বৃদ্ধি পাচ্ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন বলেন, "এর আগে পরশুরামে ১৫টি স্থানে বাঁধ ভেঙেছিল। ভাঙা স্থানগুলোতে সংস্কারের কাজ শুরু করেছিলাম, কিন্তু নদীর পানি বাড়ায় আবারও লোকালয়ে পানি ঢুকছে। পানি কমলে মেরামতকাজ ফের শুরু করা হবে।"

এর আগে ৮ জুলাই রাতেও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর পানি একসঙ্গে বৃদ্ধি পায়। তখনও পরশুরামের ১৫টি স্থানে বাঁধ ভেঙে ২৫টি গ্রাম প্লাবিত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। বর্তমান পরিস্থিতি আরও ভোগান্তি বাড়াবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মতামত দিন