উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI মডেলের (নম্বর ৭০১) প্রশিক্ষণ বিমান হঠাৎ করে নিচে পড়ে যায়। পতনের পরপরই সেটিতে দাউদাউ করে আগুন ধরে যায়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তিনি ছাড়াও বিমানে আর কেউ ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিধ্বস্তের পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি অনুযায়ী, দুর্ঘটনাস্থলে কয়েকজন সাধারণ মানুষও আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে, তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো জানা যায়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট—উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা, পল্লবী, মিরপুর ও পূর্বাচল স্টেশন থেকে—ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মতামত দিন