চার দিন পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন।
জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কোনো ধরনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না। তবে পরিস্থিতির ওপর প্রশাসনের নজরদারি থাকবে এবং প্রয়োজনে ভবিষ্যতে আবারও পদক্ষেপ নেওয়া হতে পারে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলেও নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই (বুধবার) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এতে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর ধাপে ধাপে সময়সীমা বাড়ানো হয়, যা শেষ পর্যন্ত রোববার রাত পর্যন্ত কার্যকর ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত থাকলেও অপরাধীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন