জাতীয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভিসা প্রার্থীদের সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা প্রার্থীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, কোনো আবেদনপত্রে জাল দলিল পাওয়া গেলে কিংবা আবেদনকারীর বিরুদ্ধে নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো সন্দেহজনক তথ্য মিললে তা  সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে পাঠানো হয়।

সোমবার (২১ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেওয়া হয়। পোস্টে বলা হয়, “জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং অপরাধী ও অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে আমরা যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করি। ভিসা আবেদনে কোনো জাল নথি পাওয়া গেলে বা নিরাপত্তা ইস্যু দেখা দিলে তা অবহিত করা হয়।”

এর আগে গত শুক্রবার (১৮ জুলাই) একই পেজে ভিসা প্রতারণা ও জালিয়াতি নিয়ে আরও কঠোর সতর্কতা জারি করা হয়। সেখানে বলা হয়, “এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা সবসময় ভিসা প্রতারণার নতুন কৌশল ও জাল  নথির প্রযুক্তি সম্পর্কে অবগত থাকেন। তথ্য গোপন করা বা ভুয়া কাগজ দাখিল করা গুরুতর অপরাধ, যার পরিণতি হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কিংবা ফৌজদারি মামলা।”

এ ছাড়া গত ১০ জুলাইয়ের আরেক পোস্টে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডিএস-১৬০ ফরম পূরণের সময় গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডল জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদনপত্রে মিথ্যা তথ্য দিলে বা সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে আর কখনও ভিসার যোগ্যতা না-ও থাকতে পারে বলে সেখানে সতর্ক করা হয়েছিল।

দূতাবাসের এসব ঘোষণায় স্পষ্ট, ভিসা আবেদনের সময় সততা ও স্বচ্ছতা বজায় রাখা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি  হয়ে উঠেছে।

মতামত দিন