জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই, সময়মতো হবে ভোট: শফিকুল আলম।

নিজেস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লার ময়নামতি অডিটোরিয়ামে TEDxComilla University-র এক আলোচনা পর্বে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচন ঘিরে কোনো ধোঁয়াশা নেই। প্রধান উপদেষ্টা যেই সময়ের কথা বলেছেন, সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে, এবং আগে যেসব সমস্যা ছিল, এবার সেগুলো থেকে শিক্ষা নিয়েই আরও ভালো নির্বাচন হবে।”

পিআর পদ্ধতি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি এখন রাজনৈতিক দল ও কমিশনের আলোচনার টেবিলে রয়েছে। উভয়পক্ষই আন্তরিক।”

অনুষ্ঠানে TEDx প্ল্যাটফর্মের আলোচক হিসেবে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ এবং জ্যোতির্বিজ্ঞানভিত্তিক চিত্রগ্রাহক জুবায়ের কাওলিন।

মতামত দিন