জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগের তওবার সুযোগ শেষ : হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগের জন্য ‘তওবার সুযোগ’ আর অবশিষ্ট নেই। ১৮ জুলাই (শুক্রবার) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের পতন অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটেছে। কেয়ামতের পর যেমন তওবা কবুল হয় না, তেমনি গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের জন্য আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।” তিনি আরও বলেন, যারা ওই হামলার পক্ষে বা হামলাকারীদের পক্ষ নিচ্ছেন, তারা হয়তো আওয়ামী লীগের ডেড লিস্টে নেই, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন যে বিরোধীদের জন্য মৃত্যুপরোয়ানা ডেকে আনে, তা সবাইকে বুঝতে হবে। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, “আমি আপনাদের মতো সুশীল আচরণ দেখাব না।” সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে পদযাত্রাটি মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে শহরের ২ নম্বর গেট হয়ে চাষাঢ়ায় এসে শেষ হয়।


মতামত দিন