জাতীয়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে চাষাড়া হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে অন্তত ৩০ দোকান।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হকার্স মার্কেটে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এই আগুনে প্রায় কোটি টাকার মালামাল ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা  আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পোড়া দোকানগুলোর বেশিরভাগই ছিল ছোট আকারের এবং মূলত পোশাক বিক্রির জন্য ব্যবহৃত হতো। পুরো মার্কেটে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে।

মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত দোকানিরা তাদের সর্বস্ব হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

মতামত দিন