২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ৩৭৫ জন, মৃত্যুর খবর নেই।
বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—সংখ্যা ১১৬ জন।
ঢাকা মহানগরে ৭৬ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬১ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, চট্টগ্রামে ৪২ জন, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ৮ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন মাত্র একজন।
চলতি বছর জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬০ জন। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২৯ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় সবারই সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে—এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন