জাতীয়
ছবি: সংগৃহীত

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ১৮ বছর পূর্ণ হলে মিলবে ভোটার হওয়ার সুযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এমনই একটি নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

ফয়েজ আহম্মদ জানান, এখন পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় শুধু তারাই অন্তর্ভুক্ত হতে পারতেন, যারা ভোটার তালিকা হালনাগাদের আগের বছরের ডিসেম্বরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেন। সেই তালিকা নির্বাচন কমিশন প্রতি বছর ২ জানুয়ারি খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত আকারে প্রকাশ করে। ফলে জাতীয় নির্বাচনের সময়ে এমন অনেক নাগরিক ভোটের সুযোগ থেকে বঞ্চিত হন, যারা ভোটের আগ মুহূর্তে ১৮ বছরে পৌঁছান।

এই সমস্যা সমাধানের জন্যই নতুন অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হলো, যাতে তফসিল ঘোষণার আগের যৌক্তিক সময়ের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একই বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন পেয়েছে।

প্রথমটি হলো—‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’। এতে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে এবং আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী কিডনি প্রতিস্থাপনসহ বিভিন্ন সংযোজন প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে। মৃত্যুর পর মরদেহ থেকে অঙ্গ সংগ্রহ এবং প্রতিস্থাপনের বিস্তারিত দিকও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দ্বিতীয়টি হলো—‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে।

গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম জানান, ইতোমধ্যে গঠিত তদন্ত কমিটি পুরো ঘটনার কারণ, সংঘর্ষের পেছনের উৎস, কারা এতে জড়িত—সব দিক পর্যালোচনা করবে। তদন্তের পরই বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

/Jm

মতামত দিন