ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন যশোর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।
নিজেস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবদুর রহিম বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
পরিবারসূত্রে জানা গেছে, গত ১২ জুলাই রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে, জনাব আবদুর রহিমের হৃদপিণ্ডে মোট ১৩টি ব্লক রয়েছে। চিকিৎসকরা জানান, তাঁর সুস্থতার একমাত্র উপায় হলো ওপেন হার্ট বাইপাস সার্জারি। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুলাই দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে সফলভাবে তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের সময় তাঁর হৃদপিণ্ডে চারটি বাইপাস করা হয়।
সার্জারির আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা তাঁর পাশে ছিলেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত সার্বক্ষণিক তাঁর পাশে ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নারগিস বেগম নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে। এছাড়া যশোর জেলা বিএনপি, সদর উপজেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দও নিয়মিত খোঁজখবর রাখছেন।
সার্জারির পর থেকে জনাব আবদুর রহিম হাসপাতালের এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট)-তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবার জানিয়েছে, আসন্ন ১৮ জুলাই তাঁকে কেবিনে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।
জনাব আবদুর রহিমের দ্রুত আরোগ্য কামনায় তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে গভীর উদ্বেগ ও প্রার্থনা অব্যাহত রয়েছে। দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আবারও সক্রিয় হবেন।

মতামত দিন