জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সহনশীলতা ও সহযোগিতার আহ্বান আইএসপিআরের।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি প্রসঙ্গে জনসাধারণকে ধৈর্য ধরার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা কেন্দ্র করে জনসমাবেশ চলাকালে একদল উচ্ছৃঙ্খল জনতা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এতে পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সমাবেশ চলাকালে মঞ্চ ও জেলা কারাগারে হামলা চালানো হয়। হামলাকারীদের থামাতে সেনাবাহিনী মাইকিং করে সতর্ক করলেও তারা সেনাবাহিনীর ওপর ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়।

পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশের আশ্রয়প্রার্থীদের খুলনায় সরিয়ে নেওয়া হয়। সার্বিকভাবে, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আইএসপিআরের ভাষ্যমতে, বর্তমানে গোপালগঞ্জে কারফিউ চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। গুজব ও অপপ্রচারে কান না দিতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

javascript:nicTemp();

মতামত দিন