জাতীয়
ছবি: সংগৃহীত

হাসপাতালে রোগীর স্বজনের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যুর।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতির জেরে খুকুমনি বেগম (৭৫) নামের এক বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টার পরপরই এই ঘটনা ঘটে।

নিহত খুকুমনি উপজেলার আরাজি ভবানীপুর গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, পেটের ব্যথা ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে বৃহস্পতিবার সকালে খুকুমনিকে হাসপাতালে ভর্তি করা হয়। কেবিন না পাওয়ায় বারান্দায় রাখা হয় তাঁকে। এ সময় পাশে থাকা আরেক রোগী মকছেদ মালির স্বজনদের সঙ্গে সামান্য ঝামেলা বাধে।

খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম জানান, তাঁর মা বাথরুম থেকে ফেরার পথে ভুল করে পাশে থাকা রোগীর ফ্যানের বৈদ্যুতিক তার খুলে ফেলেন। এতে কথাকাটাকাটির শুরু হয়, যা দ্রুত মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে তাঁর ও বোনের ওপর হামলা চালানো হয়। এই সংঘর্ষ প্রত্যক্ষ করেই তাঁর মা মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মন্ডল বলেন, খুকুমনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ঘটনার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে।

ঘটনার পরপরই পাইকগাছা-কয়রা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও থানার কর্মকর্তারা হাসপাতালে যান। তাঁরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তদন্তের আশ্বাস দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ শেষে আইনি ব্যবস্থা  নেওয়া হবে।

মতামত দিন