জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সহিংসতা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন, কারফিউয়ে ২০ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনাটি তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সরকারি সূত্র থেকে নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল ঘানি এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। কমিটিতে জনপ্রশাসন ও আইন-বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিবও অন্তর্ভুক্ত রয়েছেন। তদন্ত রিপোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে উপদেষ্টা দপ্তরে জমা দিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। একই সাথে সহিংসতা রোধ ও সাধারণ জনমনে শান্তি প্রতিষ্ঠার প্রতি জোর দেয়া হয়েছে।

এদিকে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ চলাকালীন সংঘর্ষের কারণে প্রশাসন গত বুধবার রাত থেকে পুরো এলাকায় কারফিউ জারি করেছে। কারফিউ কার্যকর অবস্থায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, অরাজকতা সৃষ্টির সঙ্গে যুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে। তাদের কেউ ছাড় পাবেন না।

গোয়েন্দা সংস্থার তথ্য ছিল কিনা জানতে চাইলে তিনি জানান, কিছু তথ্য ছিল, কিন্তু এত বড় ধরনের ঘটনা ঘটার বিষয়ে তারা আগাম জানতেন না।

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা নিয়ে বিভিন্ন মতামত থাকলেও সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ রকম ঘটনা প্রতিরোধে সব রকম প্রস্তুতি নেওয়া হবে।

মতামত দিন