বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল দুষ্প্রাপ্য ৩ মণের বিশাল দুই পাখি মাছ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাছ দুটি নিয়ে আসা হয় আলীপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে নিলামে ওঠার পর প্রতি কেজি ১১০ টাকা হিসেবে বিক্রি হয় মোট ১৩ হাজার টাকায়। স্থানীয় মাছ ব্যবসায়ী সুমন মৃধা মাছ দুটি কিনে নেন। বিরল আকৃতির এই মাছ দেখতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
জানা গেছে, মাছ দুটি ধরা পড়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ট্রলার ‘আল্লাহর দান-১’-এ। ট্রলারটির মাঝি ফেরদৌস এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এই বিরল প্রজাতির মাছ দু টিও জালে তুলেন। তবে তিনি জানান, মাছগুলো কিছুটা নরম হয়ে যাওয়ায় প্রত্যাশিত দামে বিক্রি করা সম্ভব হয়নি।
মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পাখি মাছ বা সেইল ফিশ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। উপকূলীয় এলাকায় দেখা যায় না বললেই চলে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা ওঠানামা এবং সাগরের পরিবেশগত পরিবর্তনের কারণে সম্প্রতি এসব মাছ উপকূলের কাছাকাছি চলে আসছে।
তিনি আরও জানান, স্থানীয় বাজারে এই মাছের চাহিদা তুলনামূলকভাবে কম থাকলেও রাজধানীসহ দেশের অন্যান্য বড় শহরে এই প্রজাতির মাছের চাহিদা রয়েছে। ফলে এসব মাছ অধিকাংশ সময়ই বাইরের বাজারে পাঠানো হয়।
মাছ দুটি ধরার ঘটনা নিয়ে সমুদ্রগামী জেলেদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, সামনের মৌসুমে গভীর সমুদ্রে আরও বেশি এই ধরনের মাছ পাওয়া যেতে পারে।
মতামত দিন