জাতীয়
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর পদত্যাগ করেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিভিন্ন অনিয়মের অভিযোগ ও তদন্তের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন সাবেক এই ব্যাংকার।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয়। তাতে চেয়ারম্যান হিসেবে আসেন রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ, যিনি বিগত সরকারের আমলে উচ্চপর্যায়ের ব্যাংক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে দায়িত্বে আসার পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছিলেন সংশ্লিষ্ট মহল।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ একাধিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে তার ব্যাংক পরিচালনা নিয়ে অসংখ্য অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় ব্যাংকে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুতে তাকে ডেকে পাঠান ব্যাংকের ডেপুটি গভর্নর। তখন তাকে পদত্যাগের অনুরোধ জানানো হয়।

এদিকে জানা গেছে, পদে থাকার জন্য তিনি বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ ও তদবির শুরু করেন। কিন্তু একই সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাংক হিসাব তলব করে। এরপর ১৬ জুলাই ইসলামী ব্যাংকে গিয়ে তারা সরাসরি আর্থিক অনিয়ম খতিয়ে দেখে। তদন্তে উঠে আসে, যুক্তরাষ্ট্র সফরের জন্য তিনি ব্যাংকের খরচ থেকে ভ্রমণ ব্যয় নিয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই সফরের বিষয়ে পর্ষদকে কোনো লিখিত মেমো না দিয়েই তিনি বিদেশ যান, যা নিয়মবহির্ভূত বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

অবশেষে চাপের মুখে পদত্যাগ করেন ওবায়েদ উল্লাহ। সূত্র বলছে, তার স্থানে নতুন চেয়ারম্যান নিয়োগে আলোচনা চলছে, যেখানে ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক জোরালোভাবে বিবেচনায় রয়েছেন। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক এই পরিবর্তন ব্যাংকিং খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন