জাতীয়
ছবি: সংগৃহীত

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ।

নিজস্ব প্রতিবেদক:


একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতা তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার এই শুনানির তারিখ নির্ধারণ করে।

এর আগে ১ জুলাই দিন ধার্য থাকলেও একজন বিচারপতির অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে যায়।

রাষ্ট্রপক্ষ ২৮ মে হাইকোর্টের খালাসাদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় দলের ২৪ জন নেতাকর্মী নিহত এবং তিন শতাধিক আহত হন। ওই ঘটনায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট ট্রাইব্যুনালের রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন, যার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজকের শুনানিতে মামলার পরবর্তী আইনি অবস্থান নির্ধারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন