কালিয়াকৈরে বিকল ট্রাক সরিয়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক।
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি লেভেলক্রসিং এলাকায় বিকল হয়ে পড়া একটি ট্রাক তিন ঘণ্টা পর সরিয়ে নেওয়ার পর পুনরায় স্বাভাবিক হয়েছে ঢাকা-রাজশাহী রুটের ট্রেন চলাচল।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রেকারের মাধ্যমে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ সচল হয়।
এর আগে সকাল ৮টার দিকে ট্রাকটি ক্রসিংয়ে আটকে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি বড় গর্তে আটকে যায়। চালক ও স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হলে গাজীপুর থেকে রেকার এনে ট্রাকটি সরানো হয়।
রেলওয়ে পুলিশ জানায়, তিন ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১১টা থেকে উত্তরবঙ্গ-ঢাকা রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

মতামত দিন