বরগুনায় জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে কাগজপত্র-কম্পিউটার।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান।
জানা গেছে, সকালে নাইটগার্ড পর্দা টানিয়ে যাওয়ার পর পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে গিয়ে হিসাব শাখার একটি কক্ষ থেকে ‘কটকট’ শব্দ শুনে সন্দেহ হলে অন্যদের জানান। পরে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে ওই রুমে থাকা ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজসহ বেশ কিছু মালামাল আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সময়মতো ব্যবস্থা নেওয়ায় আগুন মূল স্টোরে ছড়াতে পারেনি। কেবল হিসাব শাখার একটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।
মতামত দিন