জাতীয়
ছবি: সংগৃহীত

মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫।

নিজস্ব প্রতিবেদকঃ

মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে রামনগর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক সাগর হোসেন, যিনি মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আউয়াল মোল্যার ছেলে। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মহাসড়কের গর্ত এড়িয়ে চলতে গিয়ে ভ্যানটি রাস্তায় উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। রামনগর হাইওয়ে থানার এসআই মাহবুবর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন