জাতীয়
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে তথ্য আপা কর্মীদের বিক্ষোভ।

নিজস্ব প্রতিবেদকঃ

চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল করেন মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। তবে পুলিশের বাধার মুখে মিছিলকারীরা রাস্তায় বসে পড়েন।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে সচিবালয়মুখী এই মিছিল শুরু হয়। তবে শেরেবাংলা নগর এলাকায় পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা।

তথ্য আপা প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মীরা জানান, প্রায় দুই মাস ধরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন তারা। ২৮ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এরইমধ্যে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আন্দোলনকারীরা বলছেন, ২০১৮ সালে মেধা ও নিয়োগ পরীক্ষার মাধ্যমে তারা সরকারি প্রকল্পে যোগ দেন। দেশের ৪৯২টি উপজেলায় ১ হাজার ৯৬৮ জন তথ্যসেবা কর্মকর্তা, সহকারী ও অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন তারা। প্রতিটি তথ্যকেন্দ্রে নারীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, পরিবার পরিকল্পনা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তথ্য সহায়তা দিয়ে আসছেন।

তাদের প্রশ্ন, "আমরা পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছি। মাঠপর্যায়ে নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখছি। অথচ চাকরি স্থায়ীকরণ কিংবা আমাদের ভবিষ্যৎ নিয়ে সরকার নিশ্চুপ কেন?"

তারা আরও বলেন, সরকারি কাঠামোর অধীন নিয়োগ পাওয়া সত্ত্বেও এখনো প্রকল্পভিত্তিক পদে রয়েছেন তারা। ফলে দীর্ঘদিনের কর্মজীবন অনিশ্চয়তায় পড়ে আছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা। তবে এখন পর্যন্ত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন