সোহাগ হত্যাসহ চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদে বৈছাআ’র মশাল মিছিল।
পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, হামলা ও দখলদারির প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে শুরু হওয়া এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’—এই ধরনের প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, “মিটফোর্ডে ঘটে যাওয়া হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দেশের ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি আর সহিংসতার ঘাঁটি বানানোর দীর্ঘদিনের ধারার অংশ। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে, কিন্তু সন্ত্রাসে মদদ দেয়, তারাও রেহাই পাবে না।”
তিনি আরও বলেন, “মিডিয়া এখন আর নিরপেক্ষ নেই। অতীতে তারা হাসিনার প্রভাবের নিচে ছিল, এখন আবার নতুন গডফাদারদের ছায়ায় আশ্রয় নিয়েছে।”
সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, “জুলাইয়ের অভ্যুত্থান প্রমাণ করেছে—দখলবাজি ও নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজ এখনও জাগ্রত। সেই ঐক্যকে ধরে রেখে মুখোশধারীদের প্রতিহত করতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতামত দিন