জাতীয়
ছবি: সংগৃহীত

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাতের শুরুতে তারা এই কর্মসূচি পালন করেন।

কলেজের হলপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস ঘুরে শেষ হয় মূল ফটকে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, কলেজের হলগুলো থেকে সকাল ৯টার মধ্যে ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের চলে যেতে হবে। এরপর মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিলে নানা ধরনের স্লোগান দেন—“আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই” এবং “‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে”।

সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডে সোহাগের ওপর বর্বরোচিত হামলা প্রমাণ করে, দেশের শহরগুলোতে চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাস এখনও ভয়াবহ আকারে বিরাজমান। বক্তাদের ভাষ্যে, “সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, আর সেটিই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের নিরাপত্তা, মানবতা ও সভ্যতার ওপর আঘাত।”

এক শিক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণ শহর ও নিরাপদ ক্যাম্পাস চাই। নারী শিক্ষার্থীরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।”

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা সারাদেশে চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মতামত দিন