ফেনীতে বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ, প্লাবিত ১০৯ গ্রাম।
নিজস্ব প্রতিবেদক:
ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
বানের পানি কিছুটা কমলেও নতুন করে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল। সবশেষ খবরে জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ২১টি পয়েন্ট ভেঙে অন্তত ১০৯টি গ্রাম পানিতে ডুবে গেছে।
আশ্রয় নিয়েছেন বহু মানুষ, খোলা হয়েছে ১৬১টি আশ্রয় কেন্দ্র। দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে প্রশাসন।
পানি ওঠায় এখনও বন্ধ রয়েছে ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল। দুই উপজেলার অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে টানা দু’দিন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় গতকাল সন্ধ্যা থেকে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মতামত দিন