এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী।
নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে সব শিক্ষা বোর্ড মিলে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এক মতবিনিময় সভায় জানান, এ বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪২ হাজার ১২৭ জন কম। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
ফলাফল জানতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার সাল> লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। উদাহরণ: SSC DHA 123456 2025।
ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের সুযোগও থাকছে। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত ফরম্যাটে এসএমএস করে বিষয় কোড অনুযায়ী আবেদন পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
চলতি বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ছাত্রীদের ফলাফলে এগিয়ে থাকার ধারা অব্যাহত রয়েছে, তবে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যাওয়ায় শিক্ষা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষার মান উন্নয়নে ব্যর্থদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন