দুদকের শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের।
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।
আদালতে শরীফ উদ্দিনের পক্ষে আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। তিনি জানান, “রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে তাকে তার চাকরির জ্যেষ্ঠতা, সব সুবিধা এবং বকেয়া বেতনসহ পুনর্বহাল করতে বলা হয়েছে। আদালত তার চাকরিচ্যুতির আদেশকে ‘ভয়েড অব ইনিশিও’ (শুরু থেকেই অবৈধ) ঘোষণা করেছেন।”
এই রায়ের ফলে ধরে নেওয়া হবে, শরীফ উদ্দিন সব সময়ই চাকরিতে বহাল ছিলেন।
দুদকে কর্মরত থাকাকালে শরীফ উদ্দিন বিভিন্ন আলোচিত দুর্নীতির ঘটনায় তদন্ত ও মামলা দায়ের করে আলোচনায় আসেন। তিনি রোহিঙ্গাদের জন্মসনদ ও পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতির অভিযোগসহ বেশ কয়েকটি আলোচিত মামলার বাদী ছিলেন।
তবে তার এই কার্যক্রমের জের ধরেই চাকরিচ্যুতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আজকের রায়ের মাধ্যমে তিনি আইনি লড়াইয়ে জয় পেলেন।

মতামত দিন