জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৪০৬ জন হাসপাতালে, চলতি বছরে মৃত্যু ৫২।

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে আবারও। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন।
এর মধ্যে বরিশাল বিভাগে ৯৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭৮ জন আক্রান্ত হয়েছেন, যারা সবাই সিটি করপোরেশন এলাকার বাইরের বাসিন্দা।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫২ জন।

শুধু জুলাই মাসেই এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৯৮ জন এবং মারা গেছেন ১০ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার হাসপাতালে আছেন ৩৭৪ জন এবং ঢাকার বাইরে ৯৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে প্রতিমাসে আক্রান্তের সংখ্যা ছিল— জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার  ৭৭৩ জন।

মৃত্যুর হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে মারা  গেছেন আরও ৩ জন।

উল্লেখ্য, গত বছর (২০২৪) দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে এই সংখ্যা পৌঁছায় ভয়াবহ রেকর্ডে— আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন ১ হাজার ৭০৫ জন, যা দেশে ডেঙ্গুজনিত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

চলতি মৌসুমেও সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মতামত দিন