জাতীয়
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ভারি বর্ষণে নদীর পানি বৃদ্ধি, বিপাকে নিম্ন আয়ের মানুষ।

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে টানা ভারি বর্ষণে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই ও বংশাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, যমুনা নদীতে সাড়ে তিন সেন্টিমিটার পানি বেড়েছে।
যদিও সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে কোথাও কোথাও তা বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

জেলার সদর উপজেলা ছাড়াও নাগরপুর, ভুয়াপুর, গোপালপুর, বাসাইল ও মির্জাপুরের নিম্নাঞ্চলের  বাসিন্দারা এরই মধ্যে ঘরবাড়ি ও সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন।

সদরের হুগড়া ইউনিয়নের বাসিন্দারা বলছে, "নদীর পানি বাড়ছে, আবার টানা বৃষ্টিও হচ্ছে। খেটে খাওয়া মানুষ আমরা। বাইরে কাজ করতে পারছি না, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।"

ময়মনসিংহ থেকে আসা শ্রমিক আলাউদ্দিন জানান, "দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো কাজ নেই। সাধারণত প্রতিদিন সাড়ে ছয়শ টাকা আয় করতাম, এখন তা বন্ধ।"

অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক বলেন, "বৃষ্টির কারণে যাত্রী নেই, আয়ও অর্ধেকে নেমে এসেছে। দিনে এখন ৪০০–৫০০ টাকা আয় হয়, যেখানে আগে ১ হাজার টাকা পেতাম।"

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাখিল রায়হান জানান, সব নদীর পানি কিছুটা বেড়েছে, তবে এখনো তা বিপৎসীমার নিচে।

তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, আগামী দুই থেকে তিন দিন পানি আরও বাড়তে পারে, তবে এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই।

মতামত দিন