জাতীয়
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ বছর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ফলাফল যেভাবে জানা যাবে:

  • অনলাইনে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও বোর্ড নির্বাচন করে ফল জানতে পারবে।

  • বোর্ডের নিজস্ব ওয়েবসাইট: প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

  • প্রতিষ্ঠানভিত্তিক ফল: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানরা EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে "Result Corner" থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

  • এসএমএসের মাধ্যমে: নির্ধারিত ফরম্যাটে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে। এই পদ্ধতির বিস্তারিত ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেড জানিয়ে দেবে।

এছাড়া, শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের লাখো শিক্ষার্থী অংশ নেয়, যার ফলাফল প্রকাশের  জন্য এখন অধীর অপেক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

মতামত দিন