চট্টগ্রামে ২ জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সোমবার রাতে নগরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ‘এপিক হেলথ কেয়ার’-এ দুই ব্যক্তির নমুনা পরীক্ষায় জিকা ভাইরাস পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিক ফলাফল পাওয়ার পরই বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা নমুনা পুনরায় পরীক্ষা করে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবেন।
সিভিল সার্জন বলেন, "আক্রান্তরা বর্তমানে বাসায় আছেন এবং স্থিতিশীল রয়েছেন।"
স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানিয়েছে, জিকা আক্রান্তদের জ্বর, র্যাশ, হাত-পা ফোলা ও দুর্বলতা দেখা গেছে। তবে গুরুতর কোনো জটিলতা এখনও ধরা পড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, জিকা ভাইরাস সাধারণত প্রাণঘাতী না হলেও গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক হতে পারে, কারণ এটি নবজাতকের জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, এডিস মশাবাহিত ভাইরাস জিকা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া—তিনটিই এক ধরনের কিটের মাধ্যমে শনাক্ত করা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বৃষ্টির মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় জিকার সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়তে পারে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শহরবাসীকে মশার বিস্তার রোধে সচেতন থাকার এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন