জাতীয়
ছবি: সংগৃহীত

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, আহত অন্তত ২৫।

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের গৌরনদী উপজেলায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাসেমাবাদ  লালপুল এলাকায়। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জনকে উদ্ধার করে গৌরনদী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এরপর যাত্রীদের চিৎকার শুনে তারা ছুটে গিয়ে বাসটিকে ব্রিজের নিচে খালে উল্টে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের সাব অফিসার মাহবুব হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রয়েছে ১০ জন পুরুষ, ২ জন নারী এবং ১ শিশু।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের একটি বাস ৪২ জন যাত্রী নিয়ে বরগুনার দিকে যাচ্ছিল। পথে কাসেমাবাদ এলাকায় ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি।

তিনি বলেন, “দুর্ঘটনাটি ভয়াবহ হলেও ভাগ্যক্রমে প্রাণহানি ঘটেনি।” বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

মতামত দিন