হিমছড়ি সৈকতে ঘুরতে গিয়ে সাগরে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি সৈকত থেকে উদ্ধার করা হয় নিহত শিক্ষার্থী কে এম সাদমান রহমানের মরদেহ। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান—দুজনই বগুড়ার বাসিন্দা।
চবি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে নিজেদের উদ্যোগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন চার শিক্ষার্থী। মঙ্গলবার সকালে উত্তাল সাগরে গোসল করতে গিয়ে তিনজন গভীর স্রোতে তলিয়ে যান। স্থানীয় জেলেরা একজনের মরদেহ উদ্ধার করেন। বাকিদের খোঁজে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী জানান, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাচ্ছেন।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোমনাথ বসু বলেন, সমুদ্র ছিল উত্তাল। সতর্কতা উপেক্ষা করে শিক্ষার্থীরা পানিতে নামেন। এখনো নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
সৈকতে অতিরিক্ত সতর্কতা না থাকায় পর্যটকদের জন্য এই ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।
মতামত দিন