হবিগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ।
মঙ্গলবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি জানান, সিলেটে চলমান ধর্মঘটের কারণে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, ছয় দফা দাবিতে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১৮-এর কিছু ধারা বাতিল, বন্ধ পাথর কোয়ারি চালু, সিলেটের জেলা প্রশাসককে প্রত্যাহারসহ কয়েকটি দাবি।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা বলছে , ‘পূর্ব ঘোষণা ছাড়া এভাবে বাস বন্ধ করে দেওয়া অনৈতিক। সাধারণ যাত্রীরা এমন আচরণের শিকার হয়ে বারবার বিপদে পড়ে।’
আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিলেটের ধর্মঘটের প্রভাব হবিগঞ্জে কেন পড়বে? সবসময় পরিবহন ধর্মঘটের নাম করে যাত্রীদের জিম্মি করা হয়।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন