লাইসেন্স বাতিলকৃত অস্ত্র মামলায় আনিসুল হকের ২ দিনের রিমান্ড।
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় একাধিকবার রিমান্ড শেষে এবার অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।
আনিসুল হকের নামে বনানী থানার অধীনে ২০১৪ সালের ২২ জানুয়ারি একটি পিস্তলের লাইসেন্স ইস্যু করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪ এর নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের সব ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়সীমার মধ্যে আনিসুল হক কিংবা তার পক্ষ থেকে কেউ অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা দেননি। এমনকি লাইসেন্সে উল্লিখিত ঠিকানায় কাউকে পাওয়া যায়নি।
২০১৬ সালের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা’র ১৯(চ) ও ২০ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র থানায় জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য হয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের বিধান রয়েছে। এই ধারাতেই বনানী থানায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে ওই অস্ত্র কোথায় আছে তা শনাক্ত ও উদ্ধার করাই রিমান্ডের প্রধান উদ্দেশ্য।
২০২৩ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর সময় গ্রেপ্তার হন আনিসুল হক। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে অন্তত ৫০টির বেশি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় তিনি বিভিন্ন মেয়াদে রিমান্ডে ছিলেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোকতার হোসেন।
মতামত দিন