জাতীয়
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার থেকে পড়ে মো. রাজ্জাক মল্লিক (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) রাতে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন চরহাইম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদা ইউনিয়নের বাসিন্দা এবং মৃত ইউসুফ মল্লিকের ছেলে। রবিবার (৬ জুলাই) দুপুরে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছায়।

নিহতের ভাতিজা ওমর ফারুক জানান, রাজ্জাক মল্লিক স্থানীয় মুকুল সাহার মালিকানাধীন একটি মাছ  ধরার ট্রলারে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় রাজ্জাক তার স্ত্রীকে ফোন করে জানান, বৃষ্টিতে ভিজে তার জ্বর হয়েছে এবং শরীর খারাপ লাগছে। সাগর উত্তাল থাকায় ট্রলারটি তখন চরহাইম এলাকায় নোঙর করা ছিল।

পরে রাতে তৃষ্ণা পেয়ে পানি আনতে ট্রলারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ সাগরে পড়ে যান তিনি। সহকর্মীরা তাৎক্ষণিক জাল ফেলে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং প্রায় ২০-২৫ মিনিটের চেষ্টায় তাকে তোলা হয়। তবে তখন তিনি নিস্তেজ ছিলেন।

ট্রলার মালিক মুকুল সাহা বলেন, “রাতের খাবারের সময় রাজ্জাক পানি আনতে গিয়ে ট্রলারের পাশে পড়ে যায়। কাছাকাছি থাকা অন্য ট্রলারগুলো ঘটনা দেখে ফেলে এবং দ্রুত সহযোগিতা করে। কিন্তু এর মধ্যেই তার মৃত্যু ঘটে।”

চরমোন্তাজ নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি চলছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ট্রলার থেকে জেলে পড়ে মৃত্যুর খবর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানায় আসে। বিষয়টি নৌপুলিশ দেখছে। প্রয়োজন হলে থানা থেকেও আইনগত সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

মতামত দিন