থামেনি অধ্যক্ষের সেই চেয়ার টানাটানি, দ্বন্দ্বে শিক্ষার্থীরা ভোগান্তিতে।
রোববার (৬ জুলাই) নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সহকারী অধ্যাপক ইমামুল হোসেন অভিযোগ করেন, অধ্যক্ষ পদে দায়িত্ব পালনে তাকে বাধা দিচ্ছেন বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাহবুব আলম। এমনকি অফিসে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইমামুল জানান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের অবসরের পর ২০১৯ সালে জ্যেষ্ঠতার নিয়ম লঙ্ঘন করে মাহবুব আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০২২ সালে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে নিয়মবহির্ভূতভাবে পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর বিরুদ্ধেই মাউশিতে অভিযোগ করেন ইমামুল। অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের ৩ জুলাই মাহবুবের বেতন স্থগিত করে মাউশি।
তিনি বলেন, ৫ আগস্ট সরকারের পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বের কলেজ পরিচালনা কমিটি বাতিল হয় এবং ইউএনওকে নতুন সভাপতি করা হয়। এরপর অনিয়মের অভিযোগে মাহবুবকে সাময়িক বরখাস্ত করে সহকারী অধ্যাপক মমতাজ জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। তবে কিছুদিন পর নতুন সভাপতি ফজলে হুদা এসে আবারও মাহবুবকে দায়িত্বে বসান।
পরিস্থিতি আরও জটিল হয় যখন ৭ জুন মমতাজ জাহান মৃত্যুবরণ করেন। এরপর বর্তমান সভাপতি লুৎফর রহমান ২৫ জুন ইমামুল হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। ২৯ জুন দায়িত্ব পালনে গেলে ইমামুল লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন, যদিও থানায় অভিযোগ করতে গিয়ে প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে মাহবুব আলম বলেন, তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছিল, যা বৈধ নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় তার নিয়োগ বহাল রেখেছে এবং বর্তমানে যে কমিটি তাকে দায়িত্ব দিয়েছে সেটি বৈধ এ্যাডহক কমিটি। হাইকোর্টের স্থগিতাদেশ কেবল শুনানির জন্য সময়সীমা বেঁধে দিয়েছে, কোনো চূড়ান্ত আদেশ দেয়নি বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, ২৯ জুন কলেজে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। এইচএসসি পরীক্ষার সময় দুই পক্ষের শিক্ষক একসঙ্গে অধ্যক্ষের কক্ষে বসে পড়ে, শুরু হয় বাগবিতণ্ডা, যা গড়ায় ধাক্কাধাক্কি পর্যন্ত। শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
বর্তমানে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগাদেশ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে কলেজের প্রশাসনিক পরিস্থিতি আরও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

মতামত দিন