জাতীয়
ছবি: সংগৃহীত

আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত।

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরা উপলক্ষে রবিবার (৬ জুলাই) ঢাকায় শিয়া মুসলিমদের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান ঘিরে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শোক মিছিলটি শুরু হয়। শিয়া সম্প্রদায়ের শত শত অনুসারী খালি পায়ে হেঁটে, বুক চাপড়ে এবং ‘হায় হোসেন,হায় হোসেন’ ধ্বনি তুলে মিছিলে অংশ নেন।

মিছিলটি বকশি বাজার, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত হয়ে ধানমন্ডি লেকসংলগ্ন প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়। পথে পড়েছে শহীদ মাজার রোড, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, বিজিবি গেট ও সাত মসজিদ রোডের মতো গুরুত্বপূর্ণ স্থান।

ডিএমপি জানিয়েছে, আশুরা উপলক্ষে মিছিল চলাকালে যেকোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, বল্লম, তরবারি কিংবা আতশবাজি, পটকা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল।

প্রসঙ্গত, কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে মুসলিম বিশ্বের একাংশ প্রতিবছর আশুরা পালন করে থাকে। বাংলাদেশেও শোকাবহ এ দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়।

মতামত দিন