জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার ওয়াপদা গেট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোস্তাকিম নামের এক কলেজ শিক্ষার্থী। রোববার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।

নিহত রাকিব হোসাইন মোস্তাকিম জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি 'জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বগুড়া'-এর ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

রেলওয়ে পুলিশ জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা কমিউটার নাইটি আপ ট্রেনটি শহরের ওয়াপদা গেট এলাকা অতিক্রম করছিল। ওই সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন মোস্তাকিম। অসাবধানতা বশত ট্রেনের খুব কাছে চলে গেলে সেটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ট্রেন আসার সময় তার সঙ্গে থাকা এক বন্ধু দ্রুত বাইক থেকে নেমে সরে গেলেও মোস্তাকিম সরে যেতে পারেননি। তার মোটরসাইকেলটিও দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই দুর্ঘটনা বগুড়ার শিক্ষার্থী মহলে শোকের ছায়া নামিয়ে এনেছে।

মতামত দিন