জাতীয়
ছবি: সংগৃহীত

বরিশাল-বরগুনায় উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি, একদিনে আক্রান্ত ৩১৭।

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার (৬ জুলাই) পাঠানো এক দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে একদিনেই আক্রান্ত হয়েছেন ১২৭ জন।

বিশেষত বরগুনা জেলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৮ জন।

এদিকে, সারাদেশে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১২ হাজার ২৭১ জনে এবং প্রাণহানি হয়েছে ৪৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ সময়ের মধ্যে মারা গেছেন ৫৭৫ জন।

এর তুলনায় ২০২৩ সালে একই সময়জুড়ে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় তিনগুণ বেশি। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বিশেষ করে বরিশাল ও আশপাশের জেলাগুলোর পরিস্থিতি নজরদারির  দাবি রাখে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশ্লেষকরা। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত পদক্ষেপ ছাড়া এ অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

মতামত দিন