জাতীয়
ছবি: সংগৃহীত

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ।

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুর শহরের কালীতলা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত আটজন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুর ৩টার দিকে কালীতলার মাহবুব রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

আহতদের মধ্যে রয়েছেন—রিয়াজ উদ্দিন (২০), রুবিনা আক্তার (৪৫), মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫), তার ছেলে স্বচ্ছ (১৩) এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজীব (২৬)। তারা দিনাজপুর সদর ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন গ্যাস সিলিন্ডার সংযোগের পর থেকেই লিকেজ হচ্ছিল। বিষয়টি নিয়ে চেষ্টা চলছিল, কিন্তু হঠাৎ রান্নাঘরে আগুন ধরে যায় এবং একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় আশপাশের কয়েকজন বাসিন্দাও ঘটনাস্থলে গিয়ে আগুনে দগ্ধ হন।

দগ্ধ সজীব জানান, সিলিন্ডারের লিক বন্ধ করার চেষ্টা চলছিল, তখনই আগুন ধরে যায়। রিয়াজ উদ্দিন নামে একজন সিলিন্ডারের লিক চেক করতে গিয়ে রান্নাঘরে প্রবেশ করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ভর্তি হওয়া আটজনের মধ্যে রিয়াজের শারীরিক অবস্থা গুরুতর। তার শরীরের প্রায় এক চতুর্থাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দগ্ধদের পরিবার ও এলাকাবাসী গ্যাস সিলিন্ডার নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

মতামত দিন